কক্সবাজারের চকরিয়ায় বাড়িতে মলত্যাগ করায় শিশু ছাত্র রাশেদুল ইসলাম বাবুকে হত্যাকারী সেই ঘাতক ফুফা রিদুয়ানুল হককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধারালো অস্ত্রে কুপিয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র রাশেদুলকে হত্যা করে রিদুয়ানুল।
থানার ওসি তদন্ত মো.কামরুল আজম ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহাবুবর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার একদিন পর মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে চকরিয়া পৌরশহরের বাসটার্মিনাল এলাকা থেকে রিদুয়ানুলকে গ্রেফতার করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি তদন্ত মো.কামরুল আজম বলেন, গ্রেফতারের পর থানায় আনা হলে রিদুয়ানুল হক ঘটনার ব্যাপারে অনুতপ্ত হন। আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন।
গ্রেফতারকৃত রিদুয়ানুল হক চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের কাছে রাশেদুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায় রবিবার রাতে ফুফার বাড়ির ভেতর মলত্যাগ করে শিশু বাবু। এতে ক্ষুদ্ধ হন ফুফা রিদুয়ানুল হক। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শিশু বাবুকে হত্যা করে সে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পটিয়া এলাকায় মারা যায় শিশুটি।
নিহত রাশেদুল ইসলাম বাবু (৮) উপজেলার বদরখালী ইউনিয়নের মগনামা পাড়ার মোহাম্মদ রিদুয়ানের ছেলে। পাশের ইউনিয়নের দরবেশকাটা উত্তরপাড়া গ্রামে ফুফু বুলবুল আক্তারের বাড়িতে থেকে পড়ালেখা করে আসছিল শিশু বাবু। এ ঘটনায় মঙ্গলবার চকরিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করেন নিহতের বাবা মোহাম্মদ রিদুয়ান।
ইত্তেফাক/এএন/ইউবি