পাবনায় পুলিশকে গুলির ঘটনায় দুই মামলা

 
পাবনার আটঘরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ আহত হওয়ার ঘটনায় আলাদা দু'টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে আটঘরিয়া থানায় এ মামলা দু'টি দায়ের করা হয়।
 
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, আহত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ আরো ২/৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে দু'টি মামলা দায়ের করেন। এর মধ্যে পুলিশ আহতের ঘটনায় একটি এবং অস্ত্র আইনে অপর আরেকটি মামলা দায়ের করা হয়।
 
এ বিষয়ে ওসি আরো জানান, মামলায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
 
প্রসঙ্গত, বুধবার সকাল ১১টার দিকে আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম ব্রিজের কাছে সন্দেহজনক একটি সাদা প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করলে আটঘরিয়া থানার এসআই মনির হোসেন (৪০) ও তোফাজ্জল হোসেন (৪০) আহত হন। এ সময় প্রাইভেটকারে থাকা সন্ত্রাসীরা দুই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত দুইজনের মধ্যে এসআই মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
এদিকে, ঘটনাস্থল থেকে ৫টি অগ্নেয়াস্ত্র, ১৭ রাউন্ড গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করার দাবি করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
 
ইত্তেফাক/এসএস