নাসিরনগরে এনজিও'র নামে প্রতারণা, আটক ৩

নাসিরনগরে পল্লী ভিশন নামে একটি এনজিও'র বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. ফজলুল হক, কাপ্তান মিয়া ও নুরুল ইসলাম। 
 
আটককৃতরা পল্লী ভিশনের বিভিন্ন পদে কর্মরত আছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ ও ভুক্তভোগীরা জানান, গত কয়েক মাস আগে নাসিরনগরে পল্লী ভিশন নামে একটি এনজিও খুলে। তারা ৩৬০০ টাকায় সদস্য ভর্তি করিয়ে একটি দামী ফিল্টার ও চাকরির প্রলোভন দেখিয়ে নাম করে প্রায় পাঁচ শতাধিক লোকের কাছ থেকে ১৮ লাখ টাকা নিয়ে যায়। পরে সদস্যদের মধ্যে কমদামের ফিল্টার সরবরাহ করা হয়। এছাড়া বেশি বেতনে চাকরি দেয়ার কথা বলা হলেও সবাইকে সামান্য বেতন দেয়ার অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. আবু জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'পল্লী ভিশন সংশ্লিষ্টরা প্রতারণা করেছেন এমন অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।'
 
ইত্তেফাক/এসএস