দ্রুত অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশব্যাপী ব্যাপক হারে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে।
 
তিনি বলেন, উন্নত দেশগুলোতে যেখানে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সেখানে বাংলাদেশে এর পরিমাণ এখনও মাত্র ১০ শতাংশ। এ বিবেচনায় বর্তমান সরকার বিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে সম্পৃক্ত করছে বলেও তিনি উল্লেখ করেন।
 
বৃহস্পতিবার রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কে.এল. জুবিলী স্কুল অ্যান্ড কলেজের সার্ধশত বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে নর্থব্রুক হলে আয়োজিত তিন দিনব্যাপী মিলনমেলা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
 
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি হাজী মোঃ সাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, কবি অসীম সাহা, অধ্যক্ষ এস.এন.রায় সমর, সংরক্ষিত নারী কাউন্সিলর নাছিমা আহমেদ বক্তব্য রাখেন।
 

ইত্তেফাক/এএম।