বাকৃবিতে পশুপালন অনুষদের বিক্ষোভ, প্রশাসন ভবন ঘেরাও

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।
 
বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রশাসন ভবন ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করে তারা। এ সময় ভবনের ভিতর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টর ছিলেন।
 
জানা গেছে, কোর্স কারিকুলাম সংস্কার, প্রাণি সম্পদ অধিদফতরের প্রস্তাবিত অর্গানোগ্রাম সংস্কার করে বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী পশুপালন অনুষদের ফরম নির্ধারণ করার দাবিতে অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা অনুষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন ঘেরাও করে অবস্থান নেয়। পরে দুপুর তিনটার দিকে শিক্ষার্থীরা ডিনের উপস্থিতিতে ভিসি বরাবর একটি স্মারকলিপি দেয়।
 
পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিং এ কোর্স কারিকুলাম আপডেটের বিষয়টি উত্থাপিত না হওয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ করে।’
 
বাকৃবি ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অবিলম্বে মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
 
উল্লেখ্য, বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মিটিং এ পশুপালন অনুষদের কোর্স কারিকুলাম ও সিলেবাস সংস্কারের বিষয়ে কোনো আলোচনা না হলে ওই অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়। এরপর তারা পশুপালন অনুষদে মিটিং করে আন্দোলনের সিদ্ধান্ত নেয়।
 
ইত্তেফাক/এএসএমইউ