গাইবান্ধায় শিশু হত্যায় ৩ যুবকের মৃত্যুদণ্ডাদেশ

গাইবান্ধায় পাঁচ বছরের শিশু তাছিন মিয়া ওরফে অর্ণবকে অপহরণের পর হত্যার দায়ে তিন যুবকের মৃত্যুদণ্ডাদেশ  দিয়েছেন আদালত। 
 
বৃহস্পতিবার বিকালে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালদের বিচারক রত্মেশ্বর ভট্টাচার্য এ আদেশ দেন।  এ সময় সাত আসামিকে খালাস দেওয়া হয়। 
 
মৃত্যুদণ্ড প্রাপ্ত তিন যুবক হলেন- গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে জাহিদ (২০), একই গ্রামের মজিবর রহমানের ছেলে পাভেল (২২) ও একই উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের বিল্টু মিয়ার ছেলে রুবেল (২৫) ।
 
খালাসপ্রাপ্ত সাতজন হলেন, সিদ্দিক মিয়া (৪৫), বিল্টু মিয়া (৪৬), শফিউল ইসলাম (৪৫), কুদ্দুস মিয়া (৬০), সোহেল (৩৬), জনি (৩৪) ও রিপুল মিয়া (৪২)। এরা সবাই খামার পীরগাছা গ্রামের বাসিন্দা। 
 
সরকার পক্ষের আইনজীবী মহিবুল হক সরকার মোহন জানান, তাছিন মিয়া ওরফে অর্ণব গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আমিনুল ইসলাম রোমেলের ছেলে। গত ২০১০ সালের ২৭ জুলাই পীরগাছা গ্রামে তার নানা নজরুল ইসলাম মধু মিয়ার বাড়ির উঠানে খেলা করছিল তাছিন। তার নানার সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে তাকে অপহরণ করে ওই তিন যুবক। পরে ওই রাতেই তাছিনের মার কাছে অপহরণকারী জহিদ মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেয়ে তাছিনকে শ্বাসরোধে হত্যা করে ওই গ্রামের একটি পুকুরের কুচুরি পানার নিচে লাশ লুকিয়ে রাখে অপহরণকারীরা। এ নিয়ে তাছিনের বাবা পরদিন সদর থানায় একটি মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/ইউবি