নেত্রকোনা সদর উপজেলার ধারিয়া গ্রামে শ্বশুর বাড়ি থেকে দুই সন্তানের জননী সুরমা আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ও নিহতের স্বজনরা থানায় খবর দিলে পুলিশ দুপুরে আবুল হোসেনের বাড়ি থেকে ছেলে বউ সুরমার লাশ উদ্ধার করে।
এদিকে পুলিশ আসার আগেই স্বামী সোহাগ মিয়াসহ শ্বশুরবাড়ির লোকজন অন্যত্র পালিয়ে যায়। তবে কিভাবে সুরমার মৃত্যু হয়েছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে সুরমাকে পরিকল্পিতভাবে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার চালানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। লাশটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
ইত্তেফাক/এএসএমইউ