ড. ইউনূসের প্রতিষ্ঠানের অবৈধ কর সুবিধার তদন্ত হচ্ছে: অর্থমন্ত্রী

 
গ্রামীণের নামে সব প্রতিষ্ঠানের জন্য ড. মুহাম্মদ ইউনূস যে কর সুবিধা নিয়েছেন তাকে অবৈধ বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি বলেন, প্রফেসর ইউনূস গ্রামীণের নামে সব প্রতিষ্ঠানে কি নিয়েছেন? ট্যাক্স বেনিফিট নিয়েছেন,‘ ইট ইজ ইলিগ্যাল’। এটা অনুসন্ধান করা হচ্ছে। তদন্তের পর এ বিষয়ে প্রয়োজেনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
 
বৃহষ্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন।
 
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. ইউনূসের বিষয়ে উল্লেখ করে বলেছিলেন, গ্রামীণের অন্য প্রতিষ্ঠানগুলো কেন ট্যাক্স দেবে না। ফিক্সড ডিপোজিটে থাকা এতো টাকা কোথায় থেকে এসেছে সেই হিসেবেও গ্রামীণ দিতে পারেনি। এ সংক্রান্ত প্রতিবেদন আছে এনবিআরের কাছে। এসময় তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এখানে অর্থমন্ত্রী আছেন, উনিই দেখবেন এবং ব্যবস্থা নেবেন।
 

ইত্তেফাক/এএম।