‘২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ দেয়া হবে’

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী বীর বিক্রম বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।’
 
বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল পরিদর্শন ও নারী জাগরণের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
প্রধান অতিথি তার বক্তৃতা ও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘মূল গ্রিডে গ্যাসের সঙ্কট থাকায় আবাসিক বাসা বাড়িতে চাহিদা থাকা সত্ত্বেও গ্যাস সংযোগ দেয়া যাচ্ছে না। তবে এ সমস্যা বেশি দিন থাকবে না।’
 
ছয় সদস্যের সার্চ কমিটি সম্পর্কে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি সকল দলেরনেতাদের সঙ্গে সংলাপ করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি সুন্দর সার্চ কমিটি গঠন করেছেন। বিএনপি এই সার্চ কমিটি গঠন নিয়ে মিথ্যাচার করছে বলে তিনি দাবি করেন।
 
দানবীর রনদা প্রসাদ সাহা জাতির একজন শ্রেষ্ঠ সন্তান ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘তার জীবনের সমুদয় সম্পত্তি দেশের কল্যাণে ব্যয় করে গেছেন। তার মত একজন মহান মানুষকে যারা ৭১ সালে হত্যা করেছে তারা মানুষ নয়, অমানুষ।
 
ইত্তেফাক/এএসএমইউ