নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটির ৬ সদস্যের নাম ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বক্তব্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সার্চ কমিটি নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্র বলছে, আপাতত সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কমিশনের কয়েকজন সদস্যের ব্যাপারে বিরোধিতার বিস্তারিত তুলে ধরা হবে।ঘোষিত সার্চ কমিটি বাতিল করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নতুন করে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ সার্চ কমিটি গঠনেরও দাবি করা হতে পারে সংবাদ সম্মেলনে।
দলীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় সার্চ কমিটি চূড়ান্ত হওয়ার পর রাতে চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেন বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা। সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত হয় সেখানেই।
অনানুষ্ঠানিক ওই বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা এই কমিটিতে আছেন, তাদের চেনেন সবাই। আমরা যে আশঙ্কার কথা বলেছিলাম, শেষমেশ তা-ই হলো। সরকার রাষ্ট্রপতিকে দিয়ে দলীয় কমিটি করেছে।
ইত্তেফাক/এসএসএ