পাবনায় পিকআপ উল্টে নিহত ৩

 
পাবনা-নগরবাড়ি মহাসড়কের আলাদিপুর গোরস্থান নামক স্থানে পিডিবি'র পিকআপ ভ্যান উল্টে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
 
জানাযায়, শুক্রবার ভোর ৫ টার দিকে ঢাকা মেট্রো-ণ-১৩-৩৫১২ নম্বর সংবলিত পিকআপ ভ্যানটি বিদ্যুতের ট্রান্সফরমার নিয়ে পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভ্যানের চালক ঘুমিয়ে পড়লে পিকআপ ভ্যানটি মহাসড়কের আলাদিপুর নামক স্থানে গোরস্থানের পাশে গাছের সাথে আঘাত পেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই পিডিবি’র তিন-কর্মকর্তা নিহত হন।
 
অপর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- চাঁদপুর জেলার কাজিবাড়ির হামিদের ছেলে আরিফ হোসেন (২৭), পাবনার মুলাডলির মোশারফের ছেলে পারভেজ হোসেন (৩২) ও গোপাল গঞ্জের শরিফুল ইসলামের ছেলে বিপ্লব (২৯)।
 
এবিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ-২ আতাইকুলা জোনাল অফিসের ডিজিএম হামিদুল হক জানান, পিকআপ ভ্যানের মালামাল আমাদের নয়। নিহতরা পিডিবি'র লোক হতে পারে। এলাকাবাসী জানান, ফজরের আযানের সময় পিকআপটি দুর্ঘটনায় কবলিত হয়। দুর্ঘটনার শব্দ পেয়ে আমরা দৌড়ে আসি।
 
এাধপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা শহিদুল হোসেন বলেন, আমাদের টহল পুলিশ সংবাদ পেলে আমরা ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি।
 
ইত্তেফাক/এসএস