ডক্টরেট ডিগ্রি পাওয়া যে কারো জন্য বিশাল কিছু। কেউ-ই তা এমনি এমনি ছেড়ে দেয় না বা দিতে চায় না। এই জায়গায় ব্যতিক্রম রাহুল দ্রাবিড়, যিনি বেঙ্গালুর বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি পাওয়ার সুযোগ পেয়েও 'যোগ্য হয়ে উঠেননি' বলে তা গ্রহণ করবেন না বলে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের দেওয়া ওই ডক্টরেট ডিগ্রি প্রত্যাখ্যান করে অনন্য এই নজির গড়লেন 'মিস্টার ডিপেল্ডেবল'।
বেঙ্গালুর বিশ্ববিদ্যালয় তাদের ৫২তম সমাবর্তন অনুষ্ঠানে রাহুল দ্রাবিড়কে ডক্টরেট ডিগ্রি দিতে চেয়েছিল। সে জন্য দ্রাবিড়ের কাছে একটি চিঠিও পাঠানো হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। কথা ছিল, শুক্রবার ২৭ জানুয়ারি সম্মান নিতে হাজির হবেন দ্রাবিড়।
কিন্তু দ্রাবিড় চিঠি পাওয়ার পরেই বুধবার ২৫ জানুয়ারি সরাসরি পাল্টা চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয়কে জানিয়ে দিয়েছেন, ডক্টরেট হওয়ার জন্য এখনো তিনি যোগ্য হয়ে উঠতে পারেননি। কোনো একদিন যদি পড়াশোনা করে, গবেষণা করে সেই যোগ্যতা অর্জন করতে পারেন, তাহলেই ডক্টরেট উপাধি নেবেন তিনি।
ওই চিঠিতে দ্রাবিড় আরও জানিয়েছেন, গবেষণা করতে ইচ্ছুক তিনি। খেলারই যে কোনো বিষয় নিয়ে গবেষণা করে নিজেকে ডক্টরেট উপাধির জন্য যোগ্য করে তুলতে চান তিনি।
ইত্তেফাক/এএম