হৃদযন্ত্রের সমস্যায় সদ্যোজাত, সাহায্যের আবেদনে সাড়া সুষমার

এর আগেও অনেক বার দেখা গেছে, কেউ তার কাছে সাহায্য চাইলে হাত বাড়িয়ে দিতে সময় নেননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এবারও তাই করলেন তিনি। ভোপালের হৃদরোগে আক্রান্ত দু’দিনের শিশুর চিকিৎসায় সাহায্যের আবেদনে সাড়া দিলেন।
 
একজন টুইটার ব্যবহারকারী বুধবার নিজের প্রোফাইলে দু’দিনের একটি শিশুর ছবি পোস্ট করেন। তিনি টুইট করে বলেন, ওই শিশু ভোপালের। হৃদরোগের সমস্যা নিয়ে জন্মেছে সে। যত তাড়াতাড়ি সম্ভব তার সার্জারি প্রয়োজন। কিন্তু, ভোপালে এমন একজন ডাক্তার নেই, যিনি ওই শিশুর চিকিৎসা করবেন। 
 
সেই টুইট সুষমা স্বরাজের নজরে আসে। তারপর শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে তিনি টুইট করে জানান, 'তাদের ভোপাল অফিসের মাধ্যমে শিশুর মেডিকেল রিপোর্ট তার হাতে এসেছে। 'এআইআইএমএস'-এর হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ বলরাম আইরানের পরামর্শ নেওয়া হয়েছে। তিনি ওই শিশুর সার্জারির কথা বলেছেন। আমরা দিল্লির 'এআইআইএমএস'-এ শিশুটির শল্যচিকিৎসার আয়োজন করতে পারি।'
 
ইত্তেফাক/এএম