রামুতে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

 
কক্সবাজারের রামুতে ইউপি সদস্যকে মারধর ও কুপিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত আবদুস ছালাম (৫০) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
 
আবদুস ছালাম ওই ইউনিয়নের উত্তর মিঠাছড়ি আশকরখিল গ্রামের মৃত আলী আহমদের ছেলে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। আহত ইউপি সদস্যকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা এলাকার জনপ্রতিনিধিসহ সাধারণ জনমনে ক্ষোভ দেখা গেছে।
 
মাটি বোঝাই মিনিট্রাক চলাচলে বাঁধা দেয়ার জেরে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন আহত ইউপি সদস্যের দুইছেলে আজমুল আজাদ ও মঈনুল আজাদ।
 
জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন, এ ঘটনা খুবই নিন্দনীয়। ইউপি সদস্য আবদুস ছালাম সহজ সরল ব্যক্তি। তাকে বিনাকারণে মাথায় কুপিয়ে বড় ধরনের জখম করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশেও রয়েছে মারধরের চিহ্ন। এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
এ ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলাম ও তার ছেলেদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
 
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এসএস