বিল্ডিং কোড অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেছেন, বিল্ডিং কোড অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আইন উপেক্ষা করে দুর্নীতির মাধ্যমে ভবনের অনুমোদন যারা প্রদান করেছেন; তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। অর্থলিপ্সার কাছে জনগণের নিরাপত্তা ছেড়ে দেওয়া যেতে পারে না।

গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, রাজউকের ব্যর্থতায় রাজধানীতে বড় বড় দালান হচ্ছে। কোনো ফাঁক-ফোকর দিয়ে এসব নকশা পাস হয়, তা খুঁজে বের করতে হবে। যারা ভবন নির্মাণ আইন না মেনে বড় বড় দালান তৈরি করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, যারা বাস চালিয়ে মানুষকে হত্যা করে এবং বিল্ডিং কোড না মেনে অনুমোদন দেয় তারা বিএনপি-জামায়াতের চেয়ে বেশি ভয়ঙ্কর। সড়ক দুর্ঘটনা রোধ, পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানো, অবৈধ স্থাপনা সরানোসহ নারী-শিশু নির্যাতন, মাদক, অবৈধ অনুমোদনসহ সকল অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দালন গড়ে তুলবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। এপ্রিল মাস থেকে এ সামাজিক আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে।

মোহাম্মদ নাসিম বলেন, অবিলম্বে বনানীর ঘটনার তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে ফায়ার সার্ভিসকে আরো শক্তিশালী করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি। সভায় বনানীতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

মাসুদ খান বাবুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, সম্মিলিত আওয়ামী জোটের সভাপতি নিয়াজ মোহাম্মদ খান প্রমুখ বক্তব্য রাখেন।