আজীবন সম্মাননা পেলেন নাট্যজন রামেন্দু মজুমদার

 
বেসরকারি টেলিভিশন আরটিভির আজীবন সম্মাননা পেলেন দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা রামেন্দু মজুমদার। দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে। গতকাল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সেন্টারে আরটিভি আয়োজিত ‘৬ষ্ঠ লাক্স—আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৬’ অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। 
 
বরেণ্য এই নাট্যগুণীর হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, কালের কণ্ঠ সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বাবলু প্রমুখ।
 
২০১৬ সালে আরটিভিতে প্রচারিত নাটক ও অনুষ্ঠান থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয় শিল্পীসহ ৩০টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। বিশেষ আকর্ষণ ছিল ব্যান্ড দল মাইলস-এর পরিবেশনা। এ ছাড়াও নানা পরিবেশনায় অংশ নেন সাদিয়া ইসলাম মৌ, বিদ্যা সিনহা মম প্রমুখ।