লক্ষ্মীপুরে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

 
লক্ষ্মীপুরে ডাকাতিতে বাধা দেওয়ায় সাবেক ইউপি সদস্য সফিউল্লাহ সাবুকে (৫৫) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে ডাকাতরা।
 
রবিবার ভোর রাতের দিকে তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামে এ ঘটনা ঘটে। সাবু সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মৃত আব্দুল মন্নানের ছেলে। সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
নিহত ব্যক্তির ছেলে আলাউদ্দিন জানান, ভোর রাতের দিকে দরজা ভেঙ্গে একদল ডাকাত তাদের ঘরে হানা দেয়। ডাকাতরা স্বর্ণালঙ্কার লুট করার সময় বাধা দিতে গেলে ডাকাতরা তার বাবাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এসময় বাড়ির লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।
 
তেওয়ারীগঞ্জের ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক ভুলু সফিউল্লাহ সাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস