কেন্দুয়ায় জামিন পেয়ে বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি আসামির

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নারী ও শিশু নির্যাতন আইন মামলার এক আসামি জামিনে মুক্তি পেয়ে বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।  মামলা তুলে না নিলে তাদের মেরে ফেলা হবে মর্মে আসামি তাদের হুমকি দিচ্ছে।  এ ঘটনায় ওই মামলার বাদী রহিছা আক্তার কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্ত্রী-সন্তানদের স্বীকৃতি না দেওয়ায় গত ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর সরাপাড়া গ্রামের কাঞ্চন মিয়ার স্ত্রী রহিছা আক্তার বাদী হয়ে একই গ্রামের মেয়ের জামাই জামাল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামি জামাল মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করলে সে সম্প্রতি জামিনে মুক্তি পায়।

জামিনে বেরিয়ে এসে জামাল মিয়া মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, মামলা তুলে না নিলে বাদীর মেয়ে, মেয়ের নাতিদেরকেও (নিজের স্ত্রী ও সন্তান) প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বাদী রহিছা আক্তার জিডিতে উল্লেখ করেন।

এ ব্যাপারে গতকাল রবিবার কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জিডি’র বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএন