বঙ্গবন্ধু সেতুপূর্ব ওজন স্টেশনটির কার্ডিনাল বুথ ভেঙে চুরমার হয়ে গেছে নাভানা কোম্পানীর একটি লরির ধাক্কায়। এ দুর্ঘটনার সময় বুথে দায়িত্বপালনকারী কম্পিউটার অপারেটর আব্দুল লতিফ গুরুত্বর আহত হয়েছে। তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুতে কর্মরত একাধিক কর্মকর্তা জানান, রড (লোহা) ছাড়া শুধু সিমেন্ট দিয়ে বুথটি নির্মাণ করার ফলে লরির থাক্কায় তা ভেঙে চুরমার হয়ে গেছে। এতে বুথে দায়িত্বপালনকারী কম্পিউটার অপারেটর গুরুতর আহত হয়েছে। আহত অপারেটরকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় নাভানার লরিটিকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাইট অফিসের কর্মকর্তাদের দুর্নীতির কারনে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো অনিয়মের মাধ্যমে ওজন বুথগুলো নির্মাণ করেছে। বুথটি পুরোপুরি ভেঙে যাওয়ার পর কোন রড দেখা যায়নি।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাবুর রহমান জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব ওজন স্টেশনের কার্ডিনাল বুথে নাভানা কোম্পানীর একটি লরির ধাক্কায় ভেঙে চুরমার হয়ে গেছে।
এবিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের (বিবিএ) সহকারি প্রকৌশলী মো. ওয়াশিম আলীর সঙ্গে মোবাইলে একাধিকবার ( ০১৭১৭ ৭৯৬১৩২) যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।
এ ঘটনার পর সাংবাদিকদের ঘটনাস্থলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে যে কারণে ছবি তোলা সম্ভব হয়নি।
ইত্তেফাক/এএন