কুষ্টিয়ার মিরপুর উপজেলায় যে কয়টি মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত হয়নি সেগুলোর একটি ২০০২ সালে স্থাপিত মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
এমপিওভুক্ত না হওয়ায় পৌরসভার প্রাণকেন্দ্রের এই বিদ্যালয়টিতে সাধারণত অস্বচ্ছল পরিবারের সন্তানরা লেখাপড়া করে। আজ রবিবার বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুহিন আহমেদ জানালেন, এবার এই বিদ্যালয় থেকে যে ২৮ জন এস এস সি পরীক্ষায় অংশ নিচ্ছে তাদের একজন বাক প্রতিবন্ধী। তার নাম টুম্মা খাতুন (১৫)। টুম্পা পৌরসভার ৩ নং ওয়ার্ড মোশারফপুর মহল্লার হতদরিদ্র আব্দুর রাজ্জাক সর্দারের মেয়ে। টুম্পা ছাড়াও বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী নুপুর খাতুন (১৪) শ্রবণ প্রতিবন্ধী ও অষ্টম শ্রেনীর বৈশাখী খাতুন (১৩) পোলিও আক্রান্ত পা প্রতিবন্ধী।
তারা সবাই হতদরিদ্র পরিবারের সন্তান। এদের মধ্যে বৈশাখী প্রতিদিন বিদ্যালয়ে আসে হুইল চেয়ারে। কয়েক বছর আগে সহায়তায় পাওয়া বৈশাখীর হুইল চেয়ারটিও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
দীর্ঘদিন যাবৎ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে বহু আবেদন নিবেদন করা সত্বেও বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায়, অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অর্থকষ্টে মানবেতর জীবন-যাপন করছেন। তা সত্বেও নারী শিক্ষার এই বিদ্যায়তনটি নিয়মিত পাঠদান অব্যাহত রেখে প্রতিবছর জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে চলেছে।
তিন প্রতিবন্ধির বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার মুরাদ হোসেনের সঙ্গে আলাপ হলে তিনি বলেন, বৈশাখী ও নুপুর সমাজসেবার ভাতাভোগী। এসএসসি পরীক্ষার্থী শ্রবণ প্রতিবন্ধী টুম্পার বিষয়টি তার জানা নেই। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার সঙ্গে যোগাযোগ করলে টুম্পা যদি প্রতিবন্ধীর কার্ড না থাকে তবে তার ব্যবস্থা করা হবে।
ইত্তেফাক/এএন