নোয়াখালীতে শিক্ষক-শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদী সমাবেশ

নোয়াখালী সদর উপজেলার খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন বখাটে কর্তৃক ছাত্রীদের উত্যক্ত ও অভিভাবকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন পালন করা হয়েছে।
 
রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এ প্রতিবাদী সমাবেশে জড়িতদের গ্রেফতারে দাবি করা হয়। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসেম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, সহকারী শিক্ষক আবদুল বাতেন, আলতাফ হোসেন, অভিভাবক শাহ আলম, জুলফিকার আলী ভুট্টো ও শিক্ষার্থী মহিন উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
 
বিদ্যায়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসেম অভিযোগ করেন, গত ২৬ জানুয়ারি খলিফারহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা চলাকালীন স্থানীয় কিছু বখাটে ছাত্রীদের উত্যক্ত করে। এ সময় বিদ্যালয়ের কয়েজন শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য মিলে বখাটেদেরকে বাধা দেয়। এর জের ধরে পরে স্থানীয় কসাই বাড়ির জহিরের নেতৃত্বে ১৫-২০ জন অস্ত্রধারী গুলি ছুড়ে সন্ত্রাসী হামলা চালিয়ে ক্রীড়া প্রতিযোগিতা পণ্ড করে দেয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা বিদ্যালয় ভাঙচুর এবং বেশ কয়েকজন শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এতে কয়েকজন আহত হয়।
 
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় ১২ জনকে এজারভুক্ত আসামি করে মামলা হয়েছে। এরই মধ্যে তিন আসামিকে (মাইন উদ্দিন লাতু, বাবর ও রুবেল) জেলা ডিবি পুলিশ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ