যুক্তরাষ্ট্রের বৈশ্বিক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে কাতার ন্যাটো জোটের বাইরে অন্যতম বড় মিত্র হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (৩১ জানুয়ারি) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে এই কথা বলেছেন তিনি।
উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কাতারের আমিরই প্রথম যিনি প্রেসিডেন্ট বাইডেনের আমলে হোয়াইট হাউজে আসলেন। খবর প্রকাশ করেছে সিএনএন।
গত পাঁচ বছর ধরে উপসাগরীয় দেশগুলোতে আঞ্চলিক উত্তেজনা বেড়ে চলছিল। ২০১৭ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর এবং বাহরাইন দোহার সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে উত্তেজনা কিছুটা কমে।
এবার কাতার যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হচ্ছে। এর আগে কুয়েত এবং বাহরাইনকেও ন্যাটো জোটের বাইরে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করেছিল যুক্তরাষ্ট্র। ২০২০ সালে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কাতার।