দুর্নীতি ও মাদক একই সূত্রে গাঁথা। মাদক বন্ধ করতে হলে একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে রবিবার সকালে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ উদ্যেগে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, দুর্নীতি ও মাদক ব্যবসা এবং এর ব্যবহার একই সূত্রে গাঁথা। কারণ মাদক ব্যবসায়ীরা অবৈধ অর্থ উপার্জনের জন্যই এই ব্যবসায় সম্পৃক্ত হয়েছেন। যা দুর্নীতিরই নামান্তর।
তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পবিত্র সংবিধান অনুসারে কোনো ব্যক্তিই অনুপার্জিত আয় ভোগ করতে সমর্থ হবেন না। আমরা সবাই দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। এখন কথা বলা নয়- কার্যকর ব্যবস্থা গ্রহণের সময় এসেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অনুপার্জিত অর্থের উৎস বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ইত্তেফাক/এমআই