ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব : তারানা হালিম

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। দেশবাসী এখন এর সুফল ভোগ করছে। 
 
গত ২৪ জানুয়ারি চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে হুইপ মাহাবুব আরা বেগম গিনি তা সমর্থন করেন।
 
গত ২২ জানুয়ারি দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।
 
রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর রবিবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও স্বতন্ত্র সদস্য তাহজিব আলম সিদ্দিকী আলোচনায় অংশ নেন।
 
তারানা হালিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। গত ৮ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তা আর কোনো আমলে হয়নি। বিশেষ করে সুখী-সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। বর্তমানে ১৩ কোটি লোক মোবাইল ব্যবহার করছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৬৯ লাখে দাঁড়িয়েছে।
 
তিনি বিএনপি আমলের সমালোচনা করে বলেন, সে আমলে দেশ দুর্নীতিতে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। আর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশ ধীরে ধীরে দুর্নীতিমুক্ত হচ্ছে।
 
তিনি বলেন, দেশে ১৯৮০ সালে প্রথম জঙ্গিবাদের উত্থান ঘটে। ২০০১ থেকে ২০০৭ সালের মধ্যে জঙ্গিরা সংগঠিত হয়েছে। গত ৮ বছরে বর্তমান সরকার জঙ্গিবাদ নির্মূলে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ বিষয়টি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাসস
 
ইত্তেফাক/ইউবি