বরিশালে বাহিনী প্রধানসহ ২০ জলদস্যুর র‌্যাবের কাছে আত্মসমর্পণ

 
বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয়ে সুন্দরবনের জলদস্যু জাহাঙ্গীর বাহিনী গতকাল রবিবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে আত্মসমর্পণ করেছে। এসময় বাহিনীর প্রধান জাহাঙ্গীর শিকারীসহ ২০ জন জলদস্যু অস্ত্রশস্ত্রসহ আত্মসমর্পণ করে। ৩১টি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার ৫০৭ রাউন্ড গোলাবারুদ জমা পড়ে।
 
সন্ধ্যায় তাদেরকে বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করে র‌্যাব। র‌্যাব-৮ এর ডিএডি দেলোয়ার হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল অনুষ্ঠানে বলেছেন, পৃথিবীর অন্য দেশ যেখানে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ সফল। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান ও দেশের মানুষের জঙ্গি এবং সন্ত্রাসবিরোধী মনোভাবের কারণে।
 
অনুষ্ঠানের বিশেষ অতিথি র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, হয় আত্মসমপর্ণ করুন নতুবা প্রচলিত আইনের সর্বোচ্চ ব্যবহার করতে আমরা বাধ্য হব।
 
র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উজজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান প্রমুখ।