ফুলবাড়িয়ায় লাঠির আঘাতে চাচার মৃত্যু, ভাতিজা আটক

 
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভাতিজার লাঠির আঘাতে চাচা আব্দুর রহমানের (৪৫)  মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার কুশমাইল ইউনিয়নের নিউগী গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ঐ দিন সন্ধ্যায় ভাতিজা কবির হোসেনকে (৩০) গ্রেফতার করে।
 
পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার বিকালে কবিরের বড় ভাইয়ের ঘরে একটি সন্তান জন্ম নেয়। ঐদিন বিকালে নবজাতকটি মারা যায়। মৃতদেহটি রবিবার বিকালে কবর দেয়ার জন্য পারিবারিক কবরস্থানে নিয়ে গেলে দাফনের জন্য তৈরি করা বাঁশ দিয়ে হঠাৎ কবির তার চাচার আব্দুর রহমানের মাথায় আঘাত করে। এতে মারাত্মক আহত হন তিনি। পরে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 
 
ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কবির হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
 
ইত্তেফাক/এএসএস