নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের তিনদিন পর সাদিয়া ওরফে সাবিকুন্নাহার সামিয়া (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা সদরের কৃষ্ণপুরা এলাকার মুনছুরের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার সদর পৌরসভার শিবপুর গ্রামের জহিরুলের দ্বিতীয় স্ত্রী আয়েশা তার মেয়ে সাদিয়াকে নিয়ে কৃষ্ণপুরা গ্রামের মুরাদের বাড়িতে ভাড়া থাকেন। শনিবার সকালে থেকে সাদিয়া নিখোঁজ হয়। আজ সকালে ঐ পুকুরে শিশু সাদিয়ার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি ইউডি মামলা নেয়ার প্রস্তুতি চলছিল।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, শিশুটির মৃত্যু নিয়ে তদন্ত চলছে।
ইত্তেফাক/এএসএস