পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় এলে দ্রুত এনআরসি চালু করব। অনুপ্রবেশকারীদের গুনে গুনে তাড়াবো। শুক্রবার পশ্চিমবঙ্গে নির্বাচনী জনসভায় এক হয়ে বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হবে রাজ্য থেকে। তবে হিন্দু শরণার্থীরা নিরাপদে এখানে আশ্রয় পাবেন। তৃণমূলের বিরোধিতায় পশ্চিমবঙ্গে বিজেপির ভরসা যে এনআরসি তা এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি।
পাশাপাশি তৃণমূল সরকারকে উত্খাতের ডাক দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, ২০১৯’র ভোট খুব গুরুত্বপূর্ণ। এ ভোটই ঠিক করে দেবে, আগামী ৫ বছর ভারতের গতি কোন্ দিকে যাবে। এ ভোটের উপর নির্ভর করছে পরবর্তী ৫ বছর সুরক্ষা, উন্নয়ন, কাজ।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে ইমামভাতা চালু করা হয়েছে। তাহলে পুরোহিতদের জন্য কেন এ ধরনের ভাতা চালু করা হলো না। মমতাকে হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেন, মুখ্যমন্ত্রী মমতার ‘সময় শেষ’ হয়ে গেছে। তৃণমূলের হার নিশ্চিত। এবার বিজেপিকে কেউ আটকাতে পারবে না। বিজেপি এবার পশ্চিমবঙ্গে ২৩টি আসন পাবে। মোদির হাত ধরেই বাংলায় নতুন দিন আসবে।