গাজীপুরের কালীগঞ্জে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন।
সোমবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোল বাইপাস সড়কের রাথুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম সৈয়দ আলী। তিনি নাটোর জেলার মৃত গোলাম নবীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কাঞ্চনগামী তেলের ড্রামভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। এ সময় চালক নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। কিন্তু ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে হেলপারের মৃত্যু হয়।
এ ঘটনায় চালকসহ চার পথচারী আহত হয়। এদের ঢাকার বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়ায় পরিচয় জানা সম্ভব হয়নি।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস.আই) মো. গোলাম মাওলা।
ইত্তেফাক/এএন