রাতে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) ব্যবস্থাপনায় জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত হয়েছে দুইদিন ব্যাপী ‘জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভাল অনূর্ধ্ব-১৫’ ফুটবল ফেস্টিভাল। এই টুর্নামেন্টে অংশগ্রহণ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল রাতে দেশে ফিরছে।
 
সোমবার রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলকে বহনকারী বিমান অবতরণ করার কথা রয়েছে।
 
জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভাল অনূর্ধ্ব-১৫’ফুটবল ফেস্টিভালে বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচসহ মোট সাতটি ম্যাচে অংশ নেয়। তার মধ্যে জয় চারটিতে। ড্র একটিতে এবং হার দুটিতে। মূলপর্বে বাংলাদেশ জয় পায় ৩টিতে, ড্র করে একটি এবং হার মানে দুটিতে।
 
এই ফেস্টিভালে অংশ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দারুণ নৈপূণ্য প্রদর্শন করেছে। যা ফেস্টিভালে অংশ নেওয়া অন্যান্য দলের কোচ, কর্মকর্তাদের অভিভূত করেছে।
 
এই ফেস্টিভালে জাপানের ১৮টি দলের সঙ্গে অংশ নেয় বাংলাদেশ ও থাইল্যান্ড অনূর্ধ্ব-১৬ দল। মোট ২০টি দলকে নিয়ে অনুষ্ঠিত হয় এই ফেস্টিভাল। প্রতিটি ম্যাচ হয় ৪০ মিনিট করে। প্রথমার্ধে ২০ মিনিট, দ্বিতীয়ার্ধে ২০ মিনিট। মাঝে ৫ মিনিটের বিরতি থাকে।
 
ইত্তেফাক /এমএইচ