গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৩ জন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে।
আজ সোমবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছাড়া নামক স্থনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কাশিয়ানী উপজেলা সদরের কাশিয়ানী গ্রামের মৃত ছলেমান রহমানের ছেলে আমীর আলী (৭০), বাসের চালক গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর গ্রামের টুকু শেখের ছেলে হিটলার শেখ (৩৫) ও নড়াইল জেলার কালিয়া উপজেলার জয়নগর গ্রামের খাদিজা বেগম (৬০)।
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠায়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম ৩ জনের মৃত্যুর খরব নিশ্চিত করে বলেছেন, বাসের চালকের লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দু’ জনের লাশ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক নিয়ামূল হুদা জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি লোকাল বাসের সঙ্গে তিলছাড়ায় ঢাকাগামী তরকারী বাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। কাশিয়ানী হাসপতালে নেয়ার পর মহিলাসহ ৩ জনের মৃত্যু হয়।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন বলেন, এখানে ১৩ জন ভর্তি হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএন