ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুউড়া ও সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাতে সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের ফরিদ মাস্টারের বাড়িতে ওরস মাহফিলে সিন্দুউড়া গ্রামের নেকবর মিয়াকে (২৪) মারধর করে বিরামপুর গ্রামের গাজী মিয়ার বাড়ির ছেলেরা। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল সাড়ে নয়টার দিকে বিরামপুর ও সিন্দুউড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে পুলিশ।
আহতদের মধ্যে নূরু মিয়া (৪০), জায়েদুল হক (৩০), আল-আমিন (৩০) এবং হাফেজ মিয়াকে (৩০) ঢাকায় পাঠানো হয়। বাকিরা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ