খুলনায় হত্যা মামলায় ১ যুবকের যাবজ্জীবন

খুলনায় ওয়ার্কশপ কর্মচারী মো. আলম হাওলাদার (১৮) হত্যা মামলায় আসামি ইকবাল হোসেন ওরফে রাজুকে (২০) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসঙ্গে ১০হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

গতকাল সোমবার অতিরিক্ত খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মাৎ দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নগরীর শিপইয়ার্ড জিন্নাপাড়া এলাকার বাসিন্দা মো. আলম হাওলাদার স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করতেন। ২০১২ সালের ১৯ জুলাই রাত সোয়া ৮টার দিকে প্রতিদিনের মতো তিনি ওয়ার্কশপের কাজ শেষে বাড়িতে ফিরে আসেন।

রাত আনুমানিক সোয়া ৯টার দিকে জিন্নাপাড়া ৭ম গলির হোটেল ইকবালের বাড়ির ভাড়াটিয়া আব্দুল মোতালেব শেখের ছেলে ইকবাল হোসেন ওরফে রাজু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। ছেলে আলমের বাসায় ফিরতে দেরি দেখে তার পিতা সোবহান হাওলাদারসহ আত্মীয়-স্বজনরা বিভিন্ন জায়গায় খুঁজে রাতে তাকে পায়নি।

পরদিন ২০ জুলাই সকালে রাজুর কাছে গিয়ে তারা আলমের নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে চাইলে সে তাদের জানায়, ‘আমি ডেকে আনার কিচুক্ষণ পর আলম বাসায় চলে গেছে। এরপর আলমের বাবা-মা তাকে আবারো বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। ওই দিন বিকালে লোকজনের মুখে তারা জানতে পারেন, পার্শ্ববর্তী একটি পুকুরে একটি ছেলের লাশ ভাসছে। খবর পেয়ে সেখানে সোবহান হাওলাদার ছেলে আলমের লাশ শনাক্ত করেন।

এঘটনায় নিহতের পিতা সোবহান হাওলাদার খুলনা সদর থানায় ইকবাল হোসেন ওরফে রাজুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ইত্তেফাক/এএন