দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

 
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ফেনীর দাগনভূঞার সালাউদ্দিন মোহাম্মদ শাকিল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।গত রবিবার রাতে আফ্রিকার বেলকম এলাকার বিজিনিয়া থানাধীন একটি দোকানে এ ঘটনা ঘটে।
 
নিহতের পরিবার সূত্রে জানা যায়, দাগনভূঞা পৌর শহরের গজারিয়া রোডস্থ শ্রীধরপুর গ্রামের মো. বেলালের ছেলে সালাউদ্দিন মোহাম্মদ শাকিল বিগত দেড় বছর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল। গত রবিবার সেখানকার দুর্বৃত্তরা ওই দোকানে এসে নগদ টাকা, মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করে। না দেয়ায় তখন তাকে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আফ্রিকায় কর্মরত নিহতের ভাই ফয়সাল বিষয়টি তার মা-বাবাকে ফোনে জানায়। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
 
সোমবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, নিহতের বাবা, মা, বোন এবং আত্মীয়-স্বজন অনেকেই কান্নায় ভেঙ্গে পড়ে। উপস্থিত সকলেই এ সময় চোখের পানি ধরে রাখতে পারেনি। নিহতের বাবা বেলাল বারবার বিলাপ করে বলছেন, 'আমার ছেলেটাকে নির্মমভাবে সন্ত্রাসীরা খুন করল। কি অপরাধ ছিল তার?' এ কথা বলে বাকরুদ্ধ হয়ে পড়েন। ব্যক্তিগত জীবনে নিহত শাকিল অবিবাহিত ছিলেন।
 
থানার ওসি মো: আসলাম উদ্দিন জানান, নিহতের মৃত্যুর সংবাদ তিনি লোক মুখে শুনেছেন।
 
ইত্তেফাক/এসএস