গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি মাধ্যমিক স্কুলটি আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনার মামলায় প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেফতারকৃত রঞ্জু মিয়ার (৩০) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফ এ আদেশ দেন। রঞ্জু মিয়া গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া (পারদিয়ারা) গ্রামের মজিবর রহমানের ছেলে।
গাইবান্ধা সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, ওই মামলায় প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃত রঞ্জু মিয়াকে মঙ্গলবার দুপুরে আদালতের হাজির করে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গত রবিবার বিকেলে নিজ বাড়ি থেকে রঞ্জুকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত ২০০৩ সালে প্রতিষ্ঠিত গণ উন্নয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়টিতে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুবৃর্ত্তরা। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ গাইবান্ধা সদর থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/এএন/ইউবি