মঠবাড়িয়ায় পৌর মেয়রের মুক্তির দাবিতে অর্ধ দিবস হরতাল পালন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের বিরুদ্ধে করা হত্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে অর্ধ দিবস হরতাল পালিত হয়েছে।
 
মঙ্গলবার উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়ন বাজারে এ হরতাল পালিত হয়। গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ডাকে এ হরতাল পালিত হয়।
 
হরতালের সমর্থনে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে পৌর মেয়রের মুক্তি দাবি করে হরতালকারীরা। হরতালে বাজারের সকল দোকান পাট, স্কুল ও ব্যাংক দুপুর দু্ইটা পর্যন্ত বন্ধ ছিল। এছাড়া সকাল থেকে পাথরঘাটা থেকে ছেড়ে আসা দূর পাল্লার বাস, ট্রাক স্থানীয় গুলিশাখালী বাজারে এলে পিকেটাররা সড়কে আটকে দেয়। ফলে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে  দুপুর একটা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
 
পরে গুলিশাখালী হাইস্কুল চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল আলম বাদলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে পৌর আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, রফিকুল ইসলাম রিপন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ সোহেল ও কলেজ ছাত্রলীগ সভাপতি মিজান ফরাজী প্রমুখ বক্তব্য রাখেন।
 
উল্লেখ্য,  গত বছরের ২৫ জুলাই মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মী ইলিয়াস হোসেন লিটন পন্ডিত নিহত হন। এ ঘটনায় পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস কে প্রধান আসামি করে হত্যা মামলা করা হয়। গত রবিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। বর্তমানে পৌর মেয়র পিরোজপুর জেল হাজতে রয়েছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি