গাজীপুরে গৃহবধূকে হত্যার দায়ে ফাঁসির আদেশ

গাজীপুরে গৃহবধূকে হত্যার ঘটনায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত আসামির নাম আবুল কালাম ওরফে কালু মিয়া (৬৫)। 
 
মঙ্গলবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ আদেশ প্রদান করেন। রায়ে একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অপর একটি ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার নাছির আলী গাইনের ছেলে নাজিম উদ্দিন ও জালাল উদ্দিন এবং কান্দুর আলীর ছেলে ফজলুল হককে বেকসুর খালাস প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি কালু মিয়া গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন চান্দপাড়া এলাকার আব্দুল মান্নান ওরফে মনা চৌধুরীর ছেলে। 
 
গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান খান জানান, চান্দপাড়া এলাকার আবুল কালাম ওরফে কালুর সঙ্গে পরকীয়া সম্পর্কের জের ধরে ভিকটিম দুই সন্তানের জননী করিমন নেছা তার স্বামী চান মিয়াকে তালাক দেয়। ঘটনাটি ভিকটিমের পরিবার মেনে নিচ্ছিল না। এক পর্যায়ে ওই বছরে ১২ জানুয়ারি মায়ের সঙ্গে রাগ করে বোন রহিমননেছার বাড়িতে চলে যায় করিমন। বোনের বাড়িতে ইফতার খেয়ে রাত সাড়ে সাতটার দিকে বাপের বাড়ির উদ্দেশে রওয়ানা দেয় করিমন নেছা। এর পর থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে তাকে খোঁজ করেও সন্ধান মেলেনি। পরে ওই বছর ২৫ জানুয়ারি দুপুরে ভিকটিমের বাবার বাড়ির কাছে একটি পুকুরে কচুরিপানার নিচে তার লাশের সন্ধান মিলে। এ ঘটনায় নিহতের ভাই সফিজ উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/এমআই