ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন দ্বিতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতা-২০১৭’। পল্টন মাঠে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এবং বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম-আল্-মামুন, ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফ ও বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি তারেক ইকবাল খান মজলিস।
প্রথম আসরের চেয়ে দ্বিতীয় আসরে দলসংখ্যা বেড়েছে। এবার পুরুষ বিভাগে ১০টি ও মহিলা বিভাগে ৭টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। পুরুষ বিভাগের দলগুলো হল- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, খুলনা জেলা, ময়মনসিংহ জেলা, গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব, গাজীপুর জেলা, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা জেলা ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
মহিলা বিভাগে অংশ নিতে যাওয়া দলগুলো হল- বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সাতক্ষীরা জেলা, জেবি স্পোর্টিং, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ জেলা।
প্রথম পর্যায়ে লিগ পদ্ধতিতে ও পরবর্তীতে নক-আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। ২৫ পয়েন্টে খেলা হবে। বেস্ট থ্রি পদ্ধতিতে যে দল দুই সেট জিতবে তারাই বিজয়ী হবে। ওয়ালটন দ্বিতীয় জাতীয় থ্রোবল প্রতিযোগিতার উভয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। এ ছাড়া তৃতীয় স্থান অর্জনকারী দলকে মেডেল ও ক্রেস্ট দেওয়া হবে।
বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম-আল্-মামুন বলেন, ‘ওয়ালটন গ্রুপ থেকেই আমাদের পাশে রয়েছে। নতুন এই খেলার পাশে রয়েছে। সে জন্য তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
২০১৫ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় থ্রোবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ পুলিশ এবং রানার্স-আপ হয়েছিল খুলনা জেলা। আর মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল মাগুরা জেলা এবং রানার্স আপ হয়েছিল খুলনা জেলা দল।
ইত্তেফাক/এমএইচ