চাইনিজ সুপার লিগে পাতো

চাইনিজ সুপার লিগ টিয়ানজিন কুয়ানজিয়ান ক্লাবে যোগ দিয়েছেন সাবেক চেলসি ও এসি মিলান ফরোয়ার্ড আলেসান্দ্রে পাতো। ২৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চলতি মৌসুমে সংক্ষিপ্ত সময়ের জন্য লা লিগার ক্লাব ভিয়ারিয়ালে যোগ দিয়েছিলেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২৪ ম্যাচে তিনি ৬ গোল করেছেন।
 
চাইনিজ সুপার লিগে টিয়ানজিন দলটির কোচের দায়িত্বে আছেন ইতালিয়ান ফ্যাবিও কানাভারো। ২০১৭ মৌসুমেই ক্লাবটি চাইনিজ সুপার লিগে উন্নীত হয়। এই ক্লাবে এর আগেই যোগ দিয়েছেন বেলজিয়াম মিডফিল্ডার এ্যাক্সেল উইটসেল ও ব্রাজিলিয়ান গিওভানিও।
 
সাও পাওলো ও চেলসিতে ধারে খেলার আগে পাতো ইন্টারন্যাজিওনাল, মিলান ও করিন্থিয়ান্সের হয়ে খেলেছেন। এর আগে চাইনিজ সুপার লিগে যোগ দেয়া অপর তারকারা হলেন, অস্কার ও হাল্ক (সাংহাই এসআইপিজি), কার্লোস তেভেজ (সাংহাই শেনহুয়া), রামিরেস (জিয়াংসু সানিং) এবং গ্রাজিয়ানো পেলে (শানডং লুনেং)।
 
ইত্তেফাক/এমএইচ