কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর গ্রামে বাঁশঝাড় থেকে এক গৃহবধূর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর নাম শরিফা খাতুন (৩৩)।
মঙ্গলবার স্থানীয়দের দেয়া সংবাদে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ভেড়ামারা থানার ওসি নূর হোসেন খন্দকার জানান, স্থানীয়দের দেয়া সংবাদে পুলিশ সকালে বাঁশবাগান থেকে শরিফার লাশ উদ্ধার করে। তার মৃতদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের গৃহবধূর শরীর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে।
নিহতের পিতা শাইজুদ্দিন শেখ জানান, নিহতের স্বামী মিন্টু টাকার জন্য নির্যাতন করতো। এর আগে দু’দফা টাকা নিয়েছে। কয়েকদিন আগে টাকা চাইলে দিতে ব্যর্থ হই। শুনতে পাই আমার মেয়ে মারা গেছে।
নিহত গৃহবধূর স্বামীর পরিবারের দাবি, সকালে শরিফা চুপিচুপি বাড়ির পাশের বাঁশবাগানে উপস্থিত হয়। পরে শরিফা গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে উঠলে তারা বিষয়টি টের পান। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন আগুনে পুড়ে শরিফা মৃত্যুবরণ করেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সর্কেল) কামরুল হাসান জানান, আমরা স্থানীয়দের থেকে যতটুকু জানতে পেরেছি, সে মানসিক রোগে ভুগছিলো। সে কারণে এমন ঘটনা ঘটতে পারে। যদিও পুলিশ খতিয়ে দেখছে যৌতুক কিংবা পারিবারিক কোনো বিরোধের জেরে ধরে এই ঘটনা ঘটেছে কি না। হত্যা না আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হতে সময় লাগবে। নিহতের শরীরে কেরোসিনের গন্ধ রয়েছে।
ইত্তেফাক/এএন