৬৩ লাখ টাকার গার্মেন্টস মালামালসহ ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৮জনকে যাত্রাবাড়ি থানা পুলিশ গ্রেফতার করেছে। সোমবার ঢাকা ও লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের ওয়ারী বিভাগের উপ কমিশনার ফরিদ উদ্দিন জানিয়েছেন, গ্রেফতারকৃতরা মহাসড়কে গার্মেন্ট পণ্য ও গাড়ি ডাকাতির সঙ্গে জড়িত।
মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টোরোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- শামসু, হুমায়ুন কবির, শাহিন রানা, হুমায়ুন, শাহিন, ফারুক, সাঈদ ভুইয়া ও মোশরারফ।
ফরিদ উদ্দিন আরো জানান, গত ৯ জানুয়ারি রাতে শানিন গ্রুপের ৬৩ লাখ টাকা মূল্যের তৈরি পোশাক ভর্তি কাভার্ড ভ্যানটি ছিনতাই হয়। কাভার্ড ভ্যানটি মিরপুরে অবস্থিত শানিন গ্রুপের কারখানা থেকে প্রায় ১০ হাজার পিস দামি শার্ট নিয়ে চট্টগ্রাম বন্দরে যাচ্ছিল। এসব পণ্য যুক্তরাজ্যে পাঠানোর কথা ছিল। ঘটনার তিনদিন পর সাভারে পরিত্যক্ত অবস্থায় কাভার্ড ভ্যানটি পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে উত্তরা ১০ নম্বর সেকশনের এসএস এন্টারপ্রাইজ নামে একটি বায়িং হাউজ থেকে লুণ্ঠিত ৬৩ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। ওই প্রতিষ্ঠানটির মালিক সায়মন পলাতক রয়েছেন।
ইত্তেফাক/এমআই