ট্রিম্যান রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে সংবাদ শিরোনামে পরিণত হওয়া আবুল বাজানদারের পরে এই রোগে আক্রান্ত এক শিশুর সন্ধান পাওয়া গেছে। ১০ বছর বয়সী শিশুটির নাম শাহানা।
রবিবার শাহানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তার মুখ ও শরীরের বিভিন্ন অংশে বাজানদারের মত আচিল ফুটে উঠেছে। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের কো অর্ডিনেটর ড. সামন্ত লাল সেন বলেন, সাহানা কথিত ট্রিম্যান আবুল বাজানদারের মতো একই রোগে আক্রান্ত। আবুল বাজানদারের মত তার রোগ এত বিস্তৃত না হওয়ায় তাকে খুব দ্রুতই সারিয়ে তোলা যাবে।
IMG0
শাহানার বাবার নাম শাহজাহান আলী ও তাদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলা। দিনমজুর বাবার কন্যা শাহানা কলমাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। মঙ্গলবার শাহানার বাবা বলেন, শুরুতে আঁচিলগুলো ছোট ছিল, কিন্তু আকস্মিকভাবে সেগুলো বাড়তে থাকে। ৬-৭ মাস আগে থেকে এটা বাড়তে শুরু করে এবং এখনো এটা বাড়ছে। স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসার পরেও তার অবস্থার উন্নতি হয়নি।
ড. সেন বলেন, আমরা শাহানাকে ভর্তি করলেও তার চিকিৎসা শুরু করিনি, তবে প্রাথমিকভাবে এটা বলা যায় সে আবুল বাজানদারের মতো এপিডামোডিসপ্লাসিয়া ভেরুসিফরমিস রোগে আক্রান্ত। তবে এটি নিশ্চিত করতে আরো এক সপ্তাহ লাগবে। তার সব মেডিকেল পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা চিকিৎসা শুরু করতে পারবো।
২০১৬ সালে ২৫ বছর বয়সী আবুল বাজানদার ১০ কেজি আঁচিলসহ ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। সরকারি খরচে চিকিৎসা ও ২০টি অস্ত্রোপচারের পরে তার শরীরে আর কোনো আঁচিল নেই, সে সম্পূর্ণ সুস্থ।
ইত্তেফাক/এসএসএ