তিনি ফিট। ইরানি ট্রফিতে ডাবল সেঞ্চুরির ইনিংসটার পর দলে ফেরা ছিল শুধু সময়ের অপেক্ষা। মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে ১টি টেস্টের জন্য দলে ঋদ্ধিমান সাহার নাম ঘোষণা করে সেই অপেক্ষার অবসান ঘটালেন নির্বাচকরা।
মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ টেস্টে সম্ভাব্য ১৫ জনের দল ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ। সেই দলে টিমে ফিরলেন ঋদ্ধিমান সাহা ও জয়ন্ত যাদব।
মঙ্গলবার নির্বাচনী কমিটির বৈঠকের শুরুতেই গোল বাঁধে। নির্বাচক কমিটির বৈঠকের আহ্বায়ক হিসেবে যুগ্মসচিব অমিতাভ চৌধুরীর নাম প্রত্যাখ্যান করা হয়। বদলে এদিনের বৈঠকের আহ্বায়ক ছিলেন সিইও রাহুল জোহরি।
বিশাখাপাটনামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বাদ পড়েন ঋদ্ধি। টিমে আসেন পার্থিব প্যাটেল। জাতীয় দলে ফিরে পার্থিবও ভালো পারফরম্যান্স করেন। তাতে মনে করা হয়েছিল, ঋদ্ধির জায়গাটা ফের নড়বড়ে হয়ে গেল। কিন্তু তা হয়নি। ইরানি ট্রফিতে অবশিষ্ট ভারতীয় দলে খেলতে নামেন ঋদ্ধি। সেঞ্চুরি করে থামেননি। ২০৩ রানে থেমেছিল তার ব্যাট।
সেই ইনিংস দেখে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানান, উইকেট-কিপার হিসেবে ভারতের প্রথম পছন্দ ঋদ্ধিমান। এই ইনিংসের পরে ঋদ্ধির জায়গা প্রায় পাকা হয়ে যায় টিমে।
ঋদ্ধি ছাড়াও চোট সারিয়ে ফিরেছেন জয়ন্ত যাদব ও টিমের অন্য ওপেনার মুরলি বিজয়। জয়ন্ত যাদব এরমধ্যে সৈয়দ মুস্তাক আলিতে পঞ্জাব ও হিমাচল প্রদেশের বিরুদ্ধে দু’টি ম্যাচ খেলে ফেলেছেন। ইন্ডিয়া-এ টিমের হয়ে ওয়ার্ম-আপ ম্যাচও খেলবেন তিনি। তালিকায় আছেন লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা ও চেন্নাই টেস্টে ত্রিশতকের মালিক করুণ নায়ার। শেষ টেস্টে আঙুলে চোট লেগে অনিশ্চিত হয়ে পড়েছিলেন অজিঙ্কা রাহানেও। কিন্তু তিনিও এখন ফিট। তাই মূল টিমে সুযোগ পাওয়ায় খুব কঠিন।
মহম্মদ সামির সঙ্গে টিমে অলরাউন্ডার হিসেবে ফিরলেন হার্দিক পান্ডিয়া। টিমে ব্যাটসম্যান হিসেবে প্রাথমিক দলে আছেন বিরাট কোহলি, লোকেশ রাহুল, মুরলি বিজয়, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, করুণ নায়ার। পাঁচ বছর পরে টিমে ফিরলেন অভিনব মুকুন্দ। দুই অলরাউন্ডার জয়ন্ত যাদব ও হার্দিক পান্ডিয়া। টিমের পেসার ইশান্ত শর্মা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্রা, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
ভারতের মাটিতে বাংলাদেশ দলের এটাই প্রথম টেস্ট। টেস্ট খেলিয়ে দেশের মর্যাদা পাওয়ার পর এখনো ভারতে টেস্ট খেলা হয়ে ওঠেনি মুশফিকুরদের।
ইত্তেফাক/এএম