বংশালে দুর্বৃত্তদের হামলায় ২ পুলিশ আহত

 

রাজধানীর বংশালে পুলিশ চেকপোস্টে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে আহত করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশের দাবি, এই হামলার সঙ্গে জঙ্গি সদস্যরা জড়িত থাকতে পারে। 

 
আহত এএসআই নুরুজ্জামানকে মিডফোর্ট হাসপাতাল ও কনস্টেবল রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পুলিশের গুলিতে আহত জোবায়ের আলমকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। 
 
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মিডফোর্ট হাসপাতালের সামনে পুলিশের একটি চেকপোস্টে ঘটনাটি ঘটে।
 
বাংশাল থানার ওসি নূরে আলম সিদ্দিক জানান, রাত ১২টার দিকে একটি মোটরসাইকেলে তিন যুবক মিডফোর্ট হাসপাতালের দিকে যাচ্ছিলেন। তাদের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। মোটরসাইকেলের নম্বর প্লেটও ঢাকা ছিল। 
 
পুলিশ মোটরসাইকেল থামানোর সংকেত দিলে তারা চেকপোস্টে থামায়। এসময় তারা একটি কার্চের বোতল দিয়ে এএসআই নুরুজ্জামানকে আঘাত করেন। কনস্টেবল রফিকুল ইসলামের দিকে এসিড ছুড়ে মারেন। পুলিশ তখন গুলি ছুড়লে একজনকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা সম্ভব হয়। বাকি দুইজন পালিয়ে যান।
 
 
ইত্তেফাক/কেকে