ঢাকা-মাওয়া মহাসড়কে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাপুর ভাওয়াল ভিটি এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মো. আলী হোসেন (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে এগারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলী হোসেন কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর ভাওয়াল ভিটি এলাকার মৃত মরতুজ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্য যাচ্ছিল। উপজেলার আব্দুল্লাহপুর ভাওয়াল ভিটি এলাকায় ঐ পথচারী রাস্তা পারাপার হচ্ছিল। এসময় পেছন দিক থেকে গাড়িটি পথচারীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে পুলিশ জানায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আশরাফ বলেন, 'স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মো. আলী হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে গাড়ি বা গাড়ি চালক কাউকেই আটক করা যায়নি।' তিনি আরো জানান, স্বজনদের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/এসএস