সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তাছলিমা খাতুন গ্রেপ্তার

সাতক্ষীরার শ্রীরামপুর এলাকা থেকে বরিশালের একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তাছলিমা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে সদর থানার এসআই হাফিজের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তাছলিমা খাতুন (৪২) শ্রীরামপুর গ্রামের নূর আলীর মেয়ে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা জানান, বরিশালের দায়রা জজ আদালতের একটি মাদক মামলায় আসামি তাছলিমা খাতুনকে ১৯৯০ সালের মাদক দ্রব্য আইনের ১৯/১ এর (৩) ধারা মোতাবেক যাবজ্জীবন সাজা প্রদান করা হয়। যার মামলা নং সেশন-৫৭৮/১৫।

এই মামলায় সে দীর্ঘ দিন পলাতক ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থানা পুলিশ জানতে পারে, আসামী তাছলিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুরে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বিষয়টি তারা সাতক্ষীরা সদর থানা পুলিশকে জানান।

বুধবার ভোর রাতে সদর থানার এসআই হাফিজের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ইত্তেফাক/এএন