‘ধ্বংসাত্মক রাজনীতি ছাড়া খালেদা জিয়া কিছুই বোঝে না’

ধ্বংসাত্মক রাজনীতি ছাড়া খালেদা জিয়া কিছুই বোঝে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। 
 
বুধবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
ড. ইউনূসের সমালোচনা করে খালিদ বলেন, সিডর, আইলা, নার্গিসসহ প্রাকৃতিক দুর্যোগে আমাদের শান্তির দূতকে পাওয়া যায় না। আগুনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে তখনো শান্তির ইউনূসকে দেখা যায় না। তিনি সামাজিক ব্যবসা নিয়ে দেশে দেশে ঘুরে বেড়ান। জনগণের পাশে মমতার পরশ নিয়ে অভিভাবকের দায়িত্বে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
 
বিএনপিকে অস্থির ও ধ্বংসাত্মক দল আখ্যা দিয়ে খালিদ বলেন, বিএনপি জানেনা- তারা কী চায়। তাদের সংলাপের কথা বললে, তারা সংলাপ চান না। আবার রাষ্ট্রপতির সংলাপে যায়। তারা সার্চ কমিটির সমালোচনা করে, আবার কমিটির কাছে নামও জমা দেয়। আসলে রাজনীতি তাদের উদ্দেশ্য না; তারা দেশকে ধ্বংস করতে চায়। বাংলাদেশকে তারা এখনো মেনে নিতে পারেনি। 
 
তিনি বলেন, এ দেশের যুব সমাজকে ধ্বংস করতে জিয়াউর রহমান তাদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়েছিল, জিয়াউর রহমানের এ ধ্বংসাত্মক রাজনীতির ধারা তার স্ত্রী খালেদা জিয়াও ধরে রেখেছে। যুবকদের স্বাবলম্বী করে তুলতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত ক্ষুদ্রঋণসহ বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন খালিদ মাহমুদ চৌধুরী। 
 
উপজেলা যুবলীগ সভাপতি মো. আবু শাহীনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দবিরুল ইসলাম এমপি, সেলিনা জাহান লিটা এমপি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সহিদুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুব নেতা সুদাম সরকার, আব্দুল মজিদ আপেল, আলমগীর সরকার প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি