মেহজাবীন চৌধুরী। তার সমসাময়িক অনেকেরই এরমধ্যে চলচ্চিত্রে অভিষেক হলেও তিনি এখনো ব্যস্ত আছেন ছোটপর্দার নাটক ও মডেলিং নিয়ে। মাঝে একটি চলচ্চিত্রে অভিনয়ের খবর এলেও সেটির কোনো অগ্রগতি দেখা যায়নি।
এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘চলচ্চিত্র নিয়ে ভাবার সময় এখনো আমার হয়নি। আমাদের এখানে এখন ভালো ছবি অনেক হচ্ছে। আমি এই বিষয়ে ইতিবাচক। কিন্তু ছোটপর্দায় আরো একটু সময় দিতে চাই। সময় হলে আমাকেও দর্শক বড়পর্দায় দেখবেন।’
মেহজাবীন চলতি সময়ে ব্যস্ত আছেন বেশকিছু খণ্ডনাটক নিয়ে। আসছে ভালোবাসা দিবস নিয়েই চলছে তার বর্তমান ব্যস্ততা।
নাটকগুলো প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পগুলো ভালো লেগেছে বলেই কাজ করছি। এখন নাটকের গল্পের অনেক পরিবর্তন এসেছে। কিছুদিন আগেও একই ধরনের অনেক গল্প দেখতাম। তাই অনেক নাটকের প্রস্তাব ফিরিয়ে দিতে হতো। সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। এখন নাটকের গল্পের বিষয়ে সচেতনতা বেড়েছে। গল্পে ভিন্নতা থাকছে।’
একক নাটকের নিয়মিত হলেও ধারাবাহিক নাটকে সরব না মেহজাবীন। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘ধারাবাহিকে দীর্ঘ সময় দিতে হয়। তাই নিয়মিত ধারাবাহিক করা হয় না।’
ইত্তেফাক/এমএআর