৪২ বছরে পদার্পণ করল বাংলাদেশ পুলিশের সর্বাধিক গুরুত্বপূর্ণ ইউনিট ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ)। নানা চড়াই-উতরাই পেরিয়ে ডিএমপি এখন উপমহাদেশের অন্যতম মেট্রোপলিটন পুলিশ ইউনিটে পরিণত হয়েছে। কিন্তু রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জঙ্গি দমন নিয়ন্ত্রণে সফলতা দাবি করলে যানজট থেকে ঢাকাবাসীকে মুক্তি দিতে পারেনি নগর পুলিশ। নতুন উদ্যোগ গ্রহণ করলে যানজট যন্ত্রণা থেকে রেহাই মিলবে এমন কোনো আশ্বাস বাণী শোনাতে পারেনি নগর পুলিশের ট্রাফিক বিভাগ। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াও এ সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, যানজট নিরসনই এখন নগর পুলিশের বড় চ্যালেঞ্জ। তবে আমরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে যেমন নগরবাসীকে স্বস্তি দিতে পেরেছি, আশা করছি অচিরেই যানজট নিরসনেও সমর্থ হবো। এ জন্য তিনি নগরবাসীর সহায়তা কামনা করেন।
নগরীর যানজট কি নিয়ন্ত্রণে আসবে এমন প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন বলেন, প্রায় সোয়া দুই কোটি মানুষের নগরী ঢাকা। যেখানে রাস্তা থাকার কথা ২৫ ভাগ। সেখানে আছে মাত্র ৮ ভাগ। ফলে বুঝতেই পারছেন সমস্যাটা কোথায়। তারপরও আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। এগুলো বাস্তবায়ন হলে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারলেও যানচলাচল একটা নিয়মের মধ্যে আনতে পারব।
প্রসঙ্গত, ঢাকা জেলার জাতীয় তথ্যকোষ থেকে জানা যায়, ঢাকা শহরে রাস্তার মোট ১ হাজার ৫৯৮টি এবং মোট দৈর্ঘ্য ৪ হাজার ১০৭ কিলোমিটার।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, ২০১৬ সালের মে মাস পর্যন্ত ঢাকায় নিবন্ধিত ব্যক্তিগত গাড়ির সংখ্যা ২ লাখ ৩২ হাজার। বাস আছে ২৫ হাজার ৩৫০টি আর মিনিবাস ১০ হাজার ৯৯টি। ২০০৫ সালের স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানে (এসটিপি) ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিরুত্সাহিত করা এবং গণপরিবহনের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে পরিসংখ্যান বলছে, শহরে ব্যক্তিগত গাড়ি কমাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী
ডিএমপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ বৃহস্পতিবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনসে নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে। প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্র সচিব ড. কামাল উদ্দিন আহমেদ ও মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক।
ডিএমপির যাত্রা শুরু
১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ১২টি থানা নিয়ে কার্যক্রম চালু হয়। পুলিশের জনবল ছিল ৬ হাজার। আর রাজধানীর জনসংখ্যা ছিল ৪০ লাখ। বর্তমানে রাজধানীর জনসংখ্যা প্রায় সোয়া দুই কোটি। নগরবাসীর নিরাপত্তায় এখন থানার সংখ্যা ৫১টি (তবে ২টি কার্যক্রম এখনো শুরু হয়নি, বসুন্ধরা ও হাতিরঝিল থানা)। ডিএমপিতে মোট জনবল ৩১ হাজার ৮১৮ জন। এর মধ্যে নারী সদস্য সাড়ে তিন হাজার।
৩৬, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সড়কে দৃষ্টিনন্দন ডিএমপির সদর দফতর। ডিএমপির প্রথম কমিশনার ছিলেন ই এ চৌধুরী। সর্বশেষ বর্তমান (৩৩তম কমিশনার) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে রাজধানীর আইন-শৃঙ্খলা যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে।
ট্রাফিক মেনে চলতে চকোলেট বিতরণ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সকাল থেকে রাজধানীবাসীকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন ও যানজটমুক্ত ঢাকা গড়ার উদ্যোগ নিয়েছে ডিএমপি। এ জন্য নগরবাসীকে লিফলেট, চকোলেট ও অভিনন্দন কার্ড বিতরণ করতে দেখা গেছে ডিএমপি ট্রাফিক পশ্চিম বিভাগ পুলিশ সদস্যদের।