ভালবাসা দিবস উপলক্ষ্যে ক্লোজ-আপ কাছে আসার অফলাইন গল্পে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও বিদ্যা সিনহা মিম’কে নিয়ে আসছে বিশেষ নাটক ‘তোমার পিছু পিছু’। মনসুর আহমেদের গল্পে নাটকটি নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ।
নাটকটি নিয়ে ইত্তেফাক অনলাইনকে পরিচালক বান্নাহ বলেন, ‘এটি ক্লোজ-আপ কাছে আসার অফলাইনের গল্পের জন্য নির্মাণ করা হয়েছে। নাটকটিতে ভাল কিছু করার চেষ্টা করেছি, অন্তত সবশেষ কাজগুলোর চেয়ে।’
নাটকে তাহসান-মিমের অভিনয় নিয়ে প্রশ্ন করলে নির্মাতা বলেন, এই নাটকে দুটি চরিত্রের মধ্যেই বেশ চমক আছে। আর তা দেখা যাবে ভালবাসা দিবসের রাতে। সম্প্রতি নাটকটির শ্যুটিংয়ের কাজ শেষ হয়েছে।
IMG0
নাটকের গল্পে দেখা যাবে, তাহসানের একটি ফুডকোর্ট রয়েছে। অন্যদিকে মিম একটি রেস্টুরেন্টের মালিক। ঘটনাক্রমে তাদের পরিচয় হয়। এরপর জানাশোনা, সম্পর্ক। তবে শেষপর্যন্ত গল্পের মোড় কিভাবে আসছে তা জানতে অপেক্ষার কথা জানালেন মাবরুর রশিদ বান্নাহ।
নাটকটি প্রচারিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারী রাত ৮টা ৪৫ মিনিটে বাংলাভিশনের পর্দায়।
ইত্তেফাক/এমএআর